আমুদরিয়া নিউজ: দিল্লির কৃষি ভবন চত্বরে অবস্থিত শতবর্ষ প্রাচীন একটি মসজিদ সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে ওই মসজিদ সরানো প্রয়োজন বলে দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ভূমি ও উন্নয়ন দফতর।
হলফনামায় সরকারের বক্তব্য, সরকারি দফতর চত্বরে স্থায়ী ধর্মীয় স্থাপনা রাখা ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শাস্ত্রী ভবন ও কৃষি ভবনের জমিতে সেন্ট্রাল সেক্রেটারিয়েটের পাঁচ নম্বর ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই জমিতেই মসজিদটি অবস্থিত।
অন্যদিকে, মসজিদ কর্তৃপক্ষের দাবি, স্থাপনাটির দীর্ঘ ইতিহাস এবং নিয়মিত নমাজ পড়তে আসা মানুষের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছে তারা। বিকল্প হিসেবে ইন্ডিয়া গেটের কাছে শাহী মসজিদ জাবতা গঞ্জে নমাজ পড়ার সুযোগ রয়েছে বলেও হলফনামায় জানিয়েছে কেন্দ্র।