কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

আমুদরিয়া নিউজ: কসবার কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। কসবার কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বিজেপির যুব মোর্চা। কিন্তু বিজেপির এই কর্মসূচিতে আপত্তি জানায় রাজ্য। তার পরেই মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। তাদের আবেদন, রাসবিহারী মোড় (কালীঘাট মেট্রো স্টেশন) থেকে কসবা থানা পর্যন্ত মিছিল করতে চায় তারা।  রাজ্যের আপত্তি সত্ত্বেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দিয়েছেন। মিছিলের রুট কিছুটা সংক্ষিপ্ত করেছে আদালত। বিচারপতি জানান, মিছিল হবে রাসবিহারী মোড় থেকে বঙ্কুবিহারী স্ট্রিটের ক্রসিং (সাউথ ক্যালকাটা ল কলেজের বিপরীত) পর্যন্ত! বিচারপতি আরও জানান, তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি করতে হবে। তার বেশি জমায়েত করা যাবে না। বুধবার দুপুর ১টা নাগাদ কর্মসূচি শুরু করতে হবে। বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে মিছিল। কর্মসূচি থেকে কোনও সরকারি অফিসার বা কর্মচারীর উপর আঘাত করা যাবে না। সাউথ ক্যালকাটা ল কলেজ এবং কসবা থানা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টাও করতে পারবেন না বিক্ষোভকারীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *