আমুদরিয়া নিউজ: জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পেটাল’ মিউজিক ভিডিওতে তার অতিরিক্ত শীর্ণকায় চেহারা দেখে বিশ্বজুড়ে ভক্তদের মনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তিনি ‘পেপার’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন, যা বিনোদন জগতের অসম্ভব সৌন্দর্যের মানদণ্ড এবং তীব্র সমালোচনাকে ফুটিয়ে তোলে। তবে ভিডিওর অন্তর্নিহিত বার্তার চেয়েও ভক্তদের বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অসুস্থতার আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, অ্যারিয়ানা ইতিপূর্বে তার ওজন সংক্রান্ত পাবলিক কমেন্টের জবাবে জানিয়েছিলেন যে, অতীতে মানুষ যখন তাকে ‘সুস্থ’ মনে করত, সেটিই আসলে তার জীবনের সবচেয়ে অস্বাস্থ্যকর সময় ছিল। এই অন্তহীন পাবলিক স্ক্রুটিনির জের ধরে তিনি তার চলমান ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষে কিছুদিনের জন্য প্রকাশ্য জীবন থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।