অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান, প্রশিক্ষণ উড়ানে প্রাণ হারালেন দুই পাইলট

আমুদরিয়া নিউজ : অসমে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-30MKI ভেঙে পড়ে প্রাণ হারালেন দুই পাইলট। ঘটনাটি ঘটেছে অসমের কার্বি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায়।

বায়ুসেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট এয়ারবেস থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযানে উড়েছিল এই যুদ্ধবিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানে জানা যায়, প্রায় ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি জঙ্গলের মধ্যে সেটি ভেঙে পড়েছে।

দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বায়ুসেনা ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। দুর্গম জঙ্গল ও পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রশিক্ষণ উড়ানের সময়ই কোনও যান্ত্রিক ত্রুটি বা অন্য প্রযুক্তিগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *