মেদিনীপুর জেলা রাজনীতিতে নতুন সুর! শুভেন্দু নিয়ে কী বললেন সৌমেন?

আমুদরিয়া নিউজ : ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে বড়সড় ভাঙনের জল্পনা উসকে দিলেন তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে দূরত্ব বজায় রাখার পর, অবশেষে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনোদিন ব্যক্তিগত আক্রমণ বা গালাগালি করবেন না তিনি।

এদিন একরাশ অভিমান ও ক্ষোভ উগরে দিয়ে সৌমেনবাবু বলেন, “দলের কোনো কর্মসূচিতে আমাকে আর ডাকা হচ্ছে না। হয়তো দলকে সমৃদ্ধ করার মতো ক্ষমতা আমার আর নেই, তাই ডাক বন্ধ হয়ে গিয়েছে।” আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে বলেও মনে করছেন তিনি। তাঁর দাবি, “জেলায় দলের শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে।”

সবচেয়ে বিতর্কিত এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি তিনি করেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। সৌমেন মহাপাত্র সাফ জানান, “আমি শুভেন্দু অধিকারীকে কোনোদিন গালাগালি করিনি, আমৃত্যু করব না।”

তৃণমূলের অন্দরে যখন শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণের অলিখিত নির্দেশ রয়েছে বলে গুঞ্জন, সেখানে দাঁড়িয়ে সৌমেনবাবুর এই ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিধায়কের পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রীও জানান, “আমরা সবসময় ইস্যুভিত্তিক কথা বলি, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমাদের রুচিতে বাধে না। হয়তো এই ব্যক্তি আক্রমণ করতে না পারার কারণেই আমরা আজ কোণঠাসা।”

যদিও সাংবাদিক সম্মেলনে দলের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ আনলেও, দল ছাড়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সৌমেন মহাপাত্র। তবে তাঁর এই অবস্থান তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল তৈরি করতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *