জিমিনের প্রেমে মজে ৬১ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধা!

আমুদরিয়া নিউজ: বিটিএস তারকা জিমিনের প্রেমে পড়ে কার্যত সর্বস্বান্ত হওয়ার জোগাড় ব্রাজিলের এক বৃদ্ধার! বয়স ৬৮ বছর। প্রিয় তারকার সঙ্গে প্রেমের স্বপ্নে বিভোর হয়ে শেষমেশ খোয়ালেন প্রায় ৬১ লক্ষ টাকা। অভিযোগ, জিমিনের পরিচয় ব্যবহার করে চার মাস ধরে ওই বৃদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক অনলাইন প্রতারক। ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর শুরু হয় আসল খেলা।

প্রতারকের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, বৃদ্ধার জন্য পাঠানো হবে দামি দামি উপহার। তবে সেই উপহার হাতে পেতে গেলে মেটাতে হবে শুল্ক। আর সেই ফাঁদেই পা দেন ওই মহিলা। কয়েক দফায় প্রায় ৩ লক্ষ ব্রাজিলীয় রিয়াল হাতিয়ে নেয় প্রতারক, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ লক্ষ টাকা। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সাও পাওলোর পুলিশ।

প্রিয় তারকার সঙ্গে প্রেমের স্বপ্ন দেখতেই গিয়ে যে এমন ‘প্রেমের মাশুল’ গুনতে হবে, তা বোধহয় কল্পনাও করেননি ওই বৃদ্ধা!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *