আমুদরিয়া নিউজ: ‘ভোট চুরি’র অভিযোগের পর এবার ই২০ পেট্রল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘পেট্রল চুরি’র অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার তিনি দাবি করেন, পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কথা থাকলেও কর্ণাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই নির্ধারিত মাত্রার বেশি ইথানল পাওয়া গিয়েছে।
এর মধ্যে ইন্ডিয়ান অয়েলের নমুনায় ৩১.২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের নমুনায় ৩০.৫ শতাংশ ইথানল মিলেছে বলে দাবি তাঁর। অতিরিক্ত ইথানল মেশানোর ফলে গাড়ির মাইলেজ কমা ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান রাহুল।
তবে কর্ণাটক সরকারের অভিযোগ অস্বীকার করেছে আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল। সংস্থাগুলির দাবি, তাদের সরবরাহ করা ই২০ পেট্রল নির্ধারিত ১৯ থেকে ২১ শতাংশ ইথানলের মানদণ্ড মেনেই তৈরি। পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে তারা।