আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের রায়গড় জেলার কারজতে ৩,০০০ মেগাওয়াটের পাম্পড-স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিতর্ক। টরেন্ট পাওয়ারের ১৩,৫০৫ কোটি টাকার এই প্রকল্পের জন্য সহ্যাদ্রি পর্বতমালার ৩৭৭ হেক্টর জমিতে ৩২ হাজারেরও বেশি গাছ কাটার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই প্রায় ১,১০০টি গাছ কাটা হয়েছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে আপাতত কাজ বন্ধ রেখেছে বন দফতর।
প্রকল্পের জেরে বিপন্ন প্রায় ১৫০টি জনজাতি পরিবারের জীবন-জীবিকা। বনজ সম্পদ ও ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল এই পরিবারগুলি পুনর্বাসন ও ক্ষতিপূরণ না পাওয়ার আশঙ্কায় রয়েছে। পাশাপাশি, প্রকল্পের সমীক্ষা অঞ্চলে চিতাবাঘ, ভালুক-সহ ২৬টি সংরক্ষিত বন্যপ্রাণীর উপস্থিতি মিলেছে।
অন্যদিকে, প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ২০২৯ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে পুনর্নবীকরণযোগ্য শক্তির সঞ্চয়ে সুবিধা হবে। ক্ষতিপূরণ হিসেবে সাতারা জেলায় ২৫৩ হেক্টর জমিতে এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।