আমুদরিয়া নিউজ: বিপন্ন অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও ডিম পাড়ার পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ওড়িশা সরকার। ১ নভেম্বর থেকে রাজ্যের উপকূলবর্তী নির্দিষ্ট সামুদ্রিক এলাকায় সাত মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত। ধামরা, দেবী ও রুশিকুল্যা নদীর মোহনা সংলগ্ন উপকূল থেকে ২০ কিলোমিটার পর্যন্ত সমুদ্র এলাকায় এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। মূলত মাছ ধরার জালে আটকে অথবা ট্রলারের পাখার আঘাতে কচ্ছপের মৃত্যু রুখতেই এই উদ্যোগ।
এই নিষেধাজ্ঞার ফলে প্রায় ১১ হাজার মৎস্যজীবী পরিবারের জীবিকায় প্রভাব পড়তে পারে। তাঁদের জন্য এককালীন ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, প্রতি বছর শীতের মরশুমে হাজার হাজার অলিভ রিডলি কচ্ছপ ওড়িশার উপকূলে প্রজননের উদ্দেশ্যে আসে।