আমুদরিয়া নিউজ: শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচর-আরোনাই এক্সপ্রেসে যৌথ অভিযান চালিয়ে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি এসওজি ও এনজেপি জিআরপি। এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই অসমের হাইলাকান্দির বাসিন্দা। অসম থেকে চেন্নাই যাওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে তাঁদের আটক করা হয়। তল্লাশিতে দুটি ব্যাগ থেকে মোট ১৮টি সাবানের বাক্সে রাখা ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে পুলিশ। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, চেন্নাইয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।