আমুদরিয়া নিউজ: ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কার্যকর নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে।
অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি ও দ্রুত প্রবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণে তাঁদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা তাঁদের গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি, ভবিষ্যৎ সম্পর্কে মানুষের প্রত্যাশা কীভাবে ভোগ, বিনিয়োগ ও মূল্য নির্ধারণকে প্রভাবিত করে, তা বুঝতেও এই গবেষণা সহায়ক।
উল্লেখ্য, ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।