নিরাপত্তার নিশ্চয়তা চাই, তবেই ক্লাস! এসআরএফটিআইয়ে পড়ুয়াদের আন্দোলন জারি

আমুদরিয়া নিউজ: ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে আন্দোলন অব্যাহত কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআইয়ে। টানা ১১ দিন ধরে বন্ধ রয়েছে পঠনপাঠন। নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত ক্লাস, কর্মশালা ও চলচ্চিত্র নির্মাণের কাজেও অংশ নেবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সংঘর্ষ হয়। এরপর ৪ অক্টোবর ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ইনস্টিটিউটের গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। এই ঘটনাগুলির পরেই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে সরব হন পড়ুয়ারা।

নিরাপত্তা জোরদার, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহির দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, ইনস্টিটিউট কর্তৃপক্ষ পড়ুয়াদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। আন্দোলনের মধ্যেই কয়েকজন পড়ুয়াকে শোকজ নোটিস দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এখন মূল প্রশ্ন, কবে ফিরবে স্বাভাবিক পঠনপাঠন? পড়ুয়াদের নিরাপত্তার দাবি এবং প্রশাসনের পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *