আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমের আগে বিমানযাত্রীদের জন্য খরচ বাড়ল। ৬ অক্টোবর ২০২৬ থেকে নতুন বুকিংয়ের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল চার্জ বাড়িয়েছে ইন্ডিগো। সংস্থার এই সিদ্ধান্তের মূল কারণ বিমান জ্বালানি বা ATF-এর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া।
১ অক্টোবর দেশে ATF-এর দাম প্রায় ১৬ টাকা প্রতি লিটার বেড়ে ১২১ টাকা থেকে ১৩৭ টাকা হয়েছে। গত কয়েক মাসে এটি টানা তৃতীয় দফায় বৃদ্ধি। ফলে বিমান সংস্থাগুলির পরিচালন খরচের উপর চাপ বেড়েছে।
নতুন ব্যবস্থায় দেশীয় উড়ানে দূরত্ব অনুযায়ী ফুয়েল চার্জ ৩৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১,৩০০ টাকা পর্যন্ত হয়েছে। আন্তর্জাতিক উড়ানে গন্তব্য অনুযায়ী অতিরিক্ত চার্জ ১,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। আগে করা বুকিংয়ের ক্ষেত্রে এই নতুন চার্জ প্রযোজ্য নয়।
কেন্দ্রীয় সরকারও পরিস্থিতির দিকে নজর রাখছে। ATF-এর দাম নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজার কোটি টাকার Price Stabilisation Fund পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।