হিমালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব চোখে দেখতে পদযাত্রা

আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা দ্রুত বদলে দিচ্ছে হিমালয়ের পরিবেশ—তা তুলে ধরতে ভারতের হিমালয় অঞ্চলে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। ছয়টি দেশের এক হাজারেরও বেশি মানুষ ছয় দিন ধরে লাহুলের গারশা অঞ্চলের সাতটি গ্রামের মধ্য দিয়ে ১০০ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন।

ভুটান, ভারত, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকে অংশগ্রহণকারীরা এই পদযাত্রায় যোগ দেন। গ্লেসিয়ার বা হিমবাহ গলে যাওয়া, জলের প্রাপ্যতার পরিবর্তন, ভূমিধস, আকস্মিক বন্যা এবং হিমবাহ-হ্রদ ভেঙে বন্যার ঝুঁকি—হিমালয়ের মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলছে, সেই বাস্তব পরিস্থিতি সামনে আনাই ছিল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

২০২৬ সালের ICIMOD-এর মূল্যায়ন অনুযায়ী, হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের হিমবাহগুলি ২০০০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বরফ হারাচ্ছে। কোথাও কোথাও ১৯৭৫ সালের পর থেকে হিমবাহের বরফের পুরুত্ব ২৭ মিটার পর্যন্ত কমেছে। এর ফলে পাহাড়ি নদী, জলসম্পদ, কৃষি এবং পরিকাঠামোর উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

পদযাত্রার পথে স্থানীয় বাসিন্দারাও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা জানিয়েছেন। কোথাও বন্যায় সেতু ও রাস্তার ক্ষতি হয়েছে, আবার কোথাও হিমবাহ গলে হিমবাহ-হ্রদের আয়তন বাড়ায় ভবিষ্যতে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের পরিবেশের পরিবর্তন শুধু পাহাড়ি এলাকার সমস্যা নয়। এই অঞ্চলের হিমবাহ, তুষার, নদী ও বাস্তুতন্ত্রের পরিবর্তনের প্রভাব জল, খাদ্য, জ্বালানি ও জীবিকার উপর পড়তে পারে বিস্তীর্ণ এশিয়া জুড়ে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *