আমুদরিয়া নিউজ: কৃষকদের জন্য রবি মরশুমের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। ২০২৭-২৮ বিপণন মরশুমের জন্য সমস্ত নির্ধারিত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (CCEA)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিত করার পাশাপাশি ডাল ও তৈলবীজ চাষে উৎসাহ দিতেই এই পদক্ষেপ।
কেন্দ্র জানিয়েছে, সর্বভারতীয় ওজনযুক্ত গড় উৎপাদন ব্যয়ের তুলনায় নতুন MSP-তে গমের ক্ষেত্রে প্রত্যাশিত মার্জিন ১০৬ শতাংশ, সরষে ও রেপসিডে ৯৬ শতাংশ এবং মসুরে ৯২ শতাংশ। সরকারের দাবি, নতুন দাম কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার পাশাপাশি খাদ্যশস্যের বাইরে ডাল ও তৈলবীজের দিকে চাষের বৈচিত্র্য বাড়াতে উৎসাহ দেবে।
তবে গমের MSP মাত্র ২৫ টাকা বৃদ্ধির বিষয়টি নিয়ে কৃষক সংগঠনের একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট নয়। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, নতুন MSP কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত করার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্ধারণ করা হয়েছে।