আমুদরিয়া নিউজ: আমেরিকার ফেডারেল কারাগারগুলোতে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের কয়েদিদের লিঙ্গ-পরিবর্তন সংক্রান্ত বিশেষ চিকিৎসা (জেন্ডার-অ্যাফার্মিং কেয়ার) বন্ধ করতে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি জরুরি আবেদন জমা দিয়ে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে। এই নতুন নীতির আওতায় কয়েদিদের হরমোন থেরাপি, অস্ত্রোপচার এবং কৃত্রিম চুল (উইগ) বা রূপসজ্জার সামগ্রীর মতো সামাজিক সুবিধাগুলো বন্ধ করার কথা বলা হয়েছে, তবে মানসিক স্বাস্থ্য পরিষেবা সচল থাকবে।
সরকারি আইনজীবীদের যুক্তি, কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই জেল কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে জানিয়েছে যে, প্রয়োজনীয় চিকিৎসা থেকে কয়েদিদের বঞ্চিত করা তাঁদের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।