আমুদরিয়া নিউজ: ভারতের মাটিতে সামরিক মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে এসেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান। সঙ্গে রয়েছেন দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর সদস্য। যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’-তে অংশ নিতেই ভারতে এসেছে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি।
এই খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সামাজিক মাধ্যমে তিনি জানান, মার্কিন এফ-৩৫ এবার ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলির সঙ্গে একই আকাশে উড়বে।
যোধপুরে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক মহড়া। আমেরিকা ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী এবং গ্রিসের বিমানবাহিনী এতে অংশ নিচ্ছে।
অন্যদিকে, মহড়ায় রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআই-সহ একাধিক যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা।