নির্বাচন কমিশনকে ঘিরে দেশজুড়ে কংগ্রেসের প্রতিবাদ

আমুদরিয়া নিউজ: নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়াকে ঘিরে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও অপসারণের দাবিতে শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। দিল্লি, কলকাতা, লখনউ, পাটনা, গুয়াহাটি, চণ্ডীগড়, জম্মু-সহ একাধিক শহরে মিছিল ও বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করার চেষ্টা করলে কয়েকটি জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। পাটনা ও চণ্ডীগড়ে জলকামান ব্যবহার করা হয়, আবার গুয়াহাটি ও অন্য কয়েকটি জায়গায় কংগ্রেস নেতাকর্মীদের আটক করা হয়। অসমে দলীয় নেতা গৌরব গগৈকেও আটক করা হয়েছিল বলে জানা গেছে।

কংগ্রেসের অভিযোগ, SIR এবং ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই প্রশ্ন উঠেছে। দলের দাবি, এই বিষয়ে স্বাধীন তদন্ত এবং কমিশনের সিদ্ধান্ত ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া প্রকাশ্যে আনা হোক।

অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের সদস্যদের মধ্যে মতামত বা পর্যবেক্ষণে পার্থক্য থাকা স্বাভাবিক এবং SIR-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তগুলি নিয়ম মেনেই নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *