বেলেঘাটা পেরিয়ে সেক্টর ফাইভের পথে অরেঞ্জ লাইন

আমুদরিয়া নিউজ: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ফের বড় অগ্রগতি। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে প্রথম পুশ ট্রলি পরিদর্শন সফল হয়েছে। ১৭ সেপ্টেম্বর এই পরিদর্শন করা হয় বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে এই অংশে বিদ্যুৎ সংক্রান্ত কাজ শুরু করার পথ খুলে গেল।

৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডর মোট পাঁচটি পর্যায়ে তৈরি হচ্ছে। এর মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা—এই দুই অংশে ইতিমধ্যেই যাত্রী পরিষেবা চালু রয়েছে। এবার তৃতীয় পর্যায়ে বেলেঘাতা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশের কাজ এগিয়ে গেল।

সূত্রে খবর, এই অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হয়েছে। পুশ ট্রলি পরিদর্শন সফল হওয়ায় পরবর্তী পর্যায়ে বৈদ্যুতিক কাজ-সহ প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজ এগিয়ে নেওয়া যাবে।

এই অংশ চালু হলে দক্ষিণ কলকাতা ও সল্টলেকের আইটি হাবের মধ্যে মেট্রো যোগাযোগ আরও সহজ হবে। তবে কবে থেকে সাধারণ যাত্রী পরিষেবা শুরু হবে, তার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *