আমুদরিয়া নিউজ: জলপাইগুড়ি রাজবাড়িতে অনুষ্ঠিত হল কাঠামো পুজো। প্রাচীন রীতি ও পরম্পরা মেনেই কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হল রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গোৎসবের। এবছর ৫১৭ বছরে পা দিল রাজবাড়ির এই প্রাচীন দুর্গাপুজো।
রাজবাড়ির দুর্গোৎসবের অন্যতম আকর্ষণীয় রীতি ‘কাঁদো খেলা’। পুজোর সূচনা লগ্নেই এই আচারকে ঘিরে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। ছোট থেকে বড়—পরিবারের সদস্যরা সকলে অংশ নেন এই খেলায়। কাদার মধ্যে বিভিন্ন ফল রেখে সেই কাদা নিয়ে চলে আনন্দ-উৎসব।
প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী রীতিকে ঘিরে প্রতিবছরই রাজবাড়ি চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। কাঠামো পুজো এবং কাঁদো খেলায় অংশ নিতে এদিন বহু মানুষ ভিড় জমান।
পুরনো রীতি, ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনের মধ্যে দিয়েই শুরু হল জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৭ বছরের দুর্গোৎসব। পুজোর সূচনাতে ঐতিহ্যের টানে উৎসবের আমেজে মেতে উঠল জলপাইগুড়ি।