আমুদরিয়া নিউজ:নেপালে ডান্স বারের কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়ার সময়ে ৪ জন নাবালিকা ও ২ যুবতীকে উদ্ধার করেছে এসএসবি। দুজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ২৭ আগস্ট সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কির ওল্ড ব্রিজ এলাকায় তল্লাশির সময় তাঁদের দেখে সন্দেহ হয় কর্তব্যরত অফিসার-জওয়ানদের। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন, নেপালের বিরাটনগরের একটি ডান্স বারে ওই তরুণীদের নিয়ে যাওয়া হচ্ছে। পরে পুলিশের হাতে তুলে দেন আটক ও উদ্ধার হওয়া নাবালিকা-তরুণীদের।
পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে, কোচবিহারের এক এজেন্ট এবং নেপালের বিরাটনগরের একটি ডান্স বার-এর ম্যানেজারের মাধ্যমে তরুণীদের নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁদের সঙ্গে ত্রিপুরার একজন এবং জলপাইগুড়ির এক যুবক এজেন্ট হিসেবে ছিল বলেও জানা গিয়েছে।
উদ্ধার হওয়া চার নাবালিকা ত্রিপুরার ধলাই, খোয়াই এলাকার বাসিন্দা। তাদের বয়স হল যথাক্রমে ১৪, ১৫, ১৬ এবং ১৭ বছর। দুজনের বয়স যথাক্রমে ২১ বছর ও ২৪ বছর। উদ্ধার হওয়া তরুণীদের কাউন্সেলিংয়ের পর ‘কোশি লোক মঞ্চ’-এর মাধ্যমে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ত্রিপুরার ৪ নাবালিকা , ২ তরুণী উদ্ধার নেপালে সীমান্তে, ধৃত ২ যুবক
Total Views:
1
Leave a Comment