আমুদরিয়া নিউজ: চলতি বছরের জুনে সিডনির জনপ্রিয় কুজি বিচে সকালের সাঁতারের সময় হাঙ্গরের আক্রমণের শিকার হওয়া ৩৪ বছর বয়সী অস্ট্রেলীয় নারী লেয়া স্টুয়ার্ট সোমবার প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই ভয়াবহ দুর্ঘটনা তাঁকে ‘জীবনের দ্বিতীয় সুযোগ’ দিয়েছে এবং তিনি এর পূর্ণ সদ্ব্যবহার করবেন।
হাঙ্গরের কামড়ে হাত ও পায়ে গুরুতর জখম হওয়া এক সন্তানের জননী স্টুয়ার্টকে দীর্ঘদিন কোমায় রেখেছিল এবং অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি হাত কেটে ফেলতে হয়।সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা তাঁর চিকিৎসার জন্য ৫,৫০,০০০ অস্ট্রেলীয় ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন। স্টুয়ার্ট জানান, গত কয়েক মাস অত্যন্ত কঠিন হলেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সংগৃহীত অর্থ তাঁর পরবর্তী চিকিৎসার খরচ মেটাতে সাহায্য করবে।