আমুদরিয়া নিউজ: ভিয়েতনামের হ্যানয়ে গত বছরের মে মাসে এক সড়ক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী কিশোরী দো এনগক ফুওং থুই-এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দুর্ঘটনার ১৫ মাস পর এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং দীর্ঘ নীরবতা ভেঙে বিচারের দাবিতে সরব হয়েছে ভিয়েতনামের তরুণেরা (Gen Z)।
গত বছরের মে মাসে দেশটির সাবেক রাজনীতিবিদ এনগুয়েন সি কুওং তাঁর বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ে বিপরীত লেন দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে মোটরবাইকে থাকা বাবা দো ভিয়েত হুং আহত হয়ে বেঁচে গেলেও তাঁর তরুণী মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।দীর্ঘদিন এই ঘটনার তথ্য ও চালকের পরিচয় গোপন রাখার পর সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং এক্স (X)-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ব্যবহারকারী বিচার চেয়ে #NguyenSyCuong এবং #BMW হ্যাশট্যাগ ব্যবহার শুরু করেন। অনেকে দাবি করছেন যে ভিয়েতনাম সরকারের অনুরোধে এই সংক্রান্ত অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে।
ক্ষুব্ধ নাগরিকেরা দুর্ঘটনাস্থলের একটি গাছকে ‘জাস্টিস ট্রি’ (Justice Tree) বা ‘ন্যায়বিচারের গাছ’ আখ্যা দিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করেন। পুলিশ ফুলগুলো সরিয়ে দিলে পরবর্তীতে ইন্টারনেটে একটি ভার্চুয়াল জাস্টিস ট্রি তৈরি করে শ্রদ্ধা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন লাখ লাখ মানুষ। অনলাইন ও সামাজিক মাধ্যমের এই ব্যাপক প্রতিবাদের মুখে বিষয়টি এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।