আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন অঞ্চলে আড়াই লাখেরও বেশি একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং ওই এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং খোলা জায়গায় আগুন জ্বালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এক বিবৃতিতে গভর্নর ফার্গুসন জানিয়েছেন, “আমাদের রাজ্যটি বর্তমানে একাধিক দাবানলের কারণে এক অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মুখে পড়েছে; যারা এই দুর্যোগে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তবে সরকারি সূত্র অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, স্পোকেন ওই অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর।