আমুদরিয়া নিউজ : অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা ও সোনা-রুপো গায়েবের ঘটনায় গ্রেফতার হওয়া আটজনের বিরুদ্ধে তদন্তে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, প্রত্যেক অভিযুক্তেরই জালিয়াতি চক্রে নির্দিষ্ট ভূমিকা ছিল। ট্রাস্টের হয়ে টাকা গোনা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা দেওয়ার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার ৪০ জন কাউন্টিং এজেন্টের মধ্যে কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
জানা গিয়েছে, মূল অভিযুক্ত রামশঙ্কর যাদব ওরফে টিঙ্কু, যিনি ট্রাস্টের প্রভাবশালী সদস্য ও সেফ রুমের চাবির দায়িত্বে ছিলেন, তাঁর পাশাপাশি ট্রাস্টের নজরদারি দায়িত্বে থাকা সুভাষ শ্রীবাস্তব এবং বেসরকারি সংস্থার ছয় কর্মীর বিরুদ্ধে টাকা গণনায় কারচুপি, নোট সরানো, হিসাব গরমিল এবং ভুয়ো দানের রসিদ তৈরির অভিযোগ উঠেছে। তদন্তকারীদের মতে, পরিকল্পিতভাবে এই চক্র দীর্ঘদিন ধরে দানবাক্সের অর্থ আত্মসাৎ করছিল।