আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বাইকে করে বানেশ্বর মোড় থেকে আশিঘর মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, চলন্ত বাইকে মোবাইলে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এরপর লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর লরিচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আশিঘর সাব ট্রাফিক গার্ডও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইক চালানোর সময় মোবাইলে কথা বলায় মনোযোগ বিচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক লরিচালকের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
