আমুদরিয়া নিউজ : হায়দরাবাদে এক মর্মান্তিক ঘটনায় ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে আবাসনের সাততলা থেকে ঝাঁপ দেন তথ্যপ্রযুক্তি কর্মী ঈশা সাহু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, তবে শিশুটি বেঁচে যায় এবং সামান্য আঘাত পেয়েছে।
পুলিশ জানিয়েছে, মা-মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি সরাসরি নিচে পড়েনি বলেই বড় ধরনের ক্ষতি হয়নি।
পরিবার সূত্রে জানা গেছে, ঈশার দীর্ঘদিন ধরে তীব্র নিদ্রাহীনতার সমস্যা ছিল। তিনি হায়দরাবাদে কর্মসূত্রে থাকতেন এবং তাঁর দুই সন্তান রয়েছে। ১১ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গিয়েছে।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং মানসিক চাপ বা দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।