আমুদরিয়া নিউজ : কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা বছরে ৯টি থেকে কমিয়ে ৪টি করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রকল্পের গ্রাহকেরা বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার পেতেন, আর প্রকল্প শুরুর সময় সেই সংখ্যা ছিল ১২টি।
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, উজ্জ্বলা গ্রাহকদের গড় বার্ষিক গ্যাস ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, অধিকাংশ সুবিধাভোগীর বছরে চারটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হয় না এবং তারা এখনও উল্লেখযোগ্য ভর্তুকি পাচ্ছেন।
তবে এই সিদ্ধান্তের ফলে গরিব ও প্রান্তিক পরিবারের রান্নাঘরের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে, রান্নার গ্যাসের দাম সম্প্রতি ২৯ টাকা বাড়ানোর পর এই ঘোষণা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমানে কলকাতায় একটি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকায় পৌঁছেছে।