আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা-র অনলাইন আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ হয়েছে। আবেদনকারীরা Social Registry Portal-এর Citizen/Family Login অপশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। জেলা নির্বাচন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের OTP যাচাই এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড (EPIC), রেশন কার্ড, ব্যাঙ্কের তথ্য, আয়ের বিবরণ, পরিবারের সদস্যদের তথ্যসহ বিভিন্ন নথি প্রয়োজন। আবেদনকারীকে পরিবারের সম্পত্তি, যানবাহন, পেশা, স্বাস্থ্যবিমা ও কর-সংক্রান্ত তথ্যও দিতে হবে।
এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা হতে হবে। আয়করদাতা, সরকারি কর্মচারী, পেনশনভোগী বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।