আমুদরিয়া নিউজ : রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ শওকত মোল্লার রাজনৈতিক উত্থান ও বিতর্কিত যাত্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাছ ব্যবসা থেকে রাজনীতিতে আসা শওকত প্রথমে সিপিএমে যুক্ত হয়ে রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নেন। পরে তৃণমূলে যোগ দিয়ে ধীরে ধীরে ক্যানিং পূর্ব এলাকায় প্রভাবশালী নেতা হয়ে ওঠেন এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।
২০১০ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তাঁর নাম জড়ায় বলে অভিযোগ ওঠে। তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি দলে আরও গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন এবং মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন। ক্যানিং পূর্বে একাধিক নির্বাচনী জয় ও এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে তিনি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করেন।
তবে তাঁর বিরুদ্ধে একাধিক সহিংসতা, বোমাবাজি, ভাঙচুর ও রাজনৈতিক খুনের অভিযোগও ওঠে। সম্প্রতি ভাঙড়ের একটি বিস্ফোরণ মামলায় এনআইএ তাঁকে গ্রেপ্তার করেছে এবং আদালত ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
কিন্তু তিনি এখন পর্যন্ততাঁর বিরুদ্ধের অভিযোগ স্বীকার করেননি বলেই জানা গিয়েছে।