আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক মঞ্চে বড়সড় সাফল্য পেল ‘চাবিওয়ালা’ ছবিটি। জানা গিয়েছে, শ্রীলঙ্কা আন্তর্জাতিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে রাজা ঘোষ পরিচালিত এই ছবিটি একাধিক বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।
প্রায় সাড়ে ৪ বছর ধরে তিল তিল করে অর্থ জমিয়ে, নানা প্রতিকূলতা পেরিয়ে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক। শ্রীলঙ্কার ফিল্ম ফেস্টিভালের এই ছবি সেরা ফিচার ফিল্মের শিরোপা জিতে নেয়। পাশাপাশি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, সেরা অভিনেতা হিসেবে কৌশিক কর এবং সেরা অভিনেত্রী হিসেবে অমৃতা চট্টোপাধ্যায় নির্বাচিত হন।
প্রযুক্তিগত দিকেও সাফল্য এসেছে। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কার জিতে নিয়েছেন নবারুণ বসু। পরিচালক ও অভিনেত্রী দু’জনেই জানিয়েছেন, এই সাফল্য পুরো টিমের পরিশ্রমের ফল। তাঁদের মতে, ভালো গল্প থাকলে তা বিশ্বের যেকোনো জায়গায় দর্শকের মন ছুঁতে পারে।