অভিষেকের সভার আগেই নওদায় তৃণমূলের অন্দরে বিক্ষোভ

আমুদরিয়া নিউজ: তৃণমুলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ যেন কিছুতেই যাচ্ছে না। গত ১৭ মার্চ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দল। কিন্তু তারপর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষোভের ঘটনা সামনে আসতে শুরু করে। এবার মুর্শিদাবাদের নওদায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে প্রার্থী নিয়ে হুলুস্থুল কাণ্ড। জানা গিয়েছে, রবিবার সেখানে সভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু সেই সভা শুরুর আগেই দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল নওদার আমতলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওদায় তৃণমূলের প্রার্থী সাহিনা মমতাজ গোষ্ঠী অন্যদিকে সাংসদ আবু তাহের খান এবং তাঁর ভাগ্নে সফিউজ্জামান গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আগে থেকেই ছিল। এদিন অভিষেকের সভায় কোন গোষ্ঠীর নেতা-কর্মীরা সামনের সারিতে বসবেন তা নিয়েই বিরোধ শুরু হয়। সাহিনা গোষ্ঠীর এক কর্মীর দাবি, তাকে জোর করে জায়গা থেকে তুলে দিয়েছে, মারধর করেছে সফিউজ্জামানের অনুগামীরা।

সেই সময় মঞ্চে উপস্থিত ছিলের দলের বেশ কয়েকজন নেতা। কিন্তু আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ সমর্থকদের একাংশ চেয়ার ভাঙচুর করতে থাকে। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়  ধাক্কাধাক্কি।

প্রার্থী নির্বাচন নিয়ে সফিউজ্জামান গোষ্ঠীর ক্ষোভ আগে থেকেই ছিল। প্রার্থী ঘোষণার আগেই বিভিন্ন জায়গায় সফিউজ্জামানের নামে দেওয়াল লিখনও শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, সাহিনাকেই প্রার্থী করেছে দল। এদিকে দুপুর দেড়টা নাগাদ তার অনুগামীরা সভাস্থলে গিয়ে  স্লোগান দিতে থাকেন, ‘সাহিনা মমতাজ গো ব্যাক’, ‘এই প্রার্থী মানছি না’।

তবে অভিষেক যখন মঞ্চে ওঠেন তখন পরিবেশ শান্ত হয়ে গিয়েছে। মঞ্চ থেকে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “যে দলের জার্সি পরে আছেন, সেই দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে, এক মাস পরে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেব।”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *