আমুদরিয়া নিউজ : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চালু হল এক নতুন নিয়ম, যা আগে ক্রিকেটে দেখা যায়নি। এবার থেকে টসের আগে নয়, টসের পর নিজেদের চূড়ান্ত প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়কেরা। অর্থাৎ, অধিনায়করা টসে যাওয়ার সময় দু’টি আলাদা দল তালিকা জমা দেবেন। টস হয়ে যাওয়ার পর পরিস্থিতি বুঝে সেই দু’টির মধ্যে একটি দল বেছে নেওয়া যাবে।
সাধারণত টসের আগেই দল ঠিক করতে হয়। কিন্তু নতুন নিয়মে আবহাওয়া বা পিচের অবস্থা বুঝে দল গঠন করা সহজ হবে। বিশেষ করে শিশিরের মতো বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে, এতে টসের প্রভাব কিছুটা কমবে এবং ম্যাচে আরো বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইতিমধ্যেই পিএসএলের প্রথম ম্যাচে এই নিয়ম দেখা গিয়েছে, যা নিয়ে ক্রিকেট মহলে আগ্রহ তৈরি হয়েছে।