আদর্শ আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় নদীয়ায় আক্রান্ত শিক্ষক

আমুদরিয়া নিউজ : ভোটের প্রশিক্ষণের সময় নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় নদীয়ার রানাঘাটে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল। জানা গিয়েছে, আক্রান্ত শিক্ষকের নাম সৈকত চট্টোপাধ্যায়। শুক্রবার রানাঘাট দেবনাথপুর ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে ভোটের প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি। কিন্তু প্রশিক্ষণ চলার সময় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারমূলক বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। ভোটকর্মীর অভিযোগ, এই ধরণের প্রচার আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে তিনি এর প্রতিবাদ করলে  একটি ঘরে আটকে বিডিওর উপস্থিতিতেই তাঁকে মারধর করেন বিডিও অফিসের কর্মীরা। এমনকি, বাইরে বেরোলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সৈকত।

তবে এই অভিযোগ মানতে নারাজ বিডিও সায়ন্তন ভট্টাচার্য। উল্টে তাঁর দাবি, “ওই শিক্ষক প্রথম থেকেই গোলমাল পাকানোর চেষ্টা করছিলেন। আমার কর্মীদের সঙ্গে উনি দুর্ব্যবহার করেছেন। ধাক্কাধাক্কি করেছেন, সম্ভবত সেই সময় পড়ে গিয়ে ওঁর মাথা ফেটেছে।’’

জখম ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *