আমুদরিয়া নিউজ : ভরদুপুরে পার্লারে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক যুবক। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, দক্ষিণ কলকাতার গড়িয়া সংলগ্ন তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। বয়স আনুমানিক ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে কাজ করছেন।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে দিয়ে যান স্বামী অনুপকুমার দাস। তাঁর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এক যুবক পার্লারে উপস্থিত হন। সেখানেই তাঁর সঙ্গে রূপবাণীর তর্কাতির্কি শুরু হয়। এই তর্কাতর্কি ক্রমে প্রবল আকার ধারণ করে। সেই সময়েই সেখানে এসে পৌঁছন পার্লারের আরেক কর্মী। এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে চলছে প্রচণ্ড বাদানুবাদ। সঙ্গে সঙ্গেই তিনি রূপবাণীর স্বামীকে খবর দেন। খবর পেয়ে অনুপবাবু ছেলে এবং এক আত্মীয়কে নিয়ে যখন পার্লারে পৌঁছলেন, ততক্ষণে ঘটে গিয়েছে চরম অঘটন। দেখেন পার্লারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী রূপবাণী এবং এক যুবকের নিথর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পার্লার থেকে উদ্ধার হয়ে যুবকের দেহ। যুবক কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেলেও, তার নাম পরিচয় কিছু জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়নের জেরে মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।