নলবাহিত গ্যাস না নিলে, তিন মাসের মধ্যে বন্ধ হবে এলপিজি

আমুদরিয়া নিউজ : সুযোগ থাকা সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস (পিএনজি) না-নিলে ৩ মাসের মধ্যে বাড়ির এলপিজি জোগান বন্ধ করে দেওয়া হবে। এবার এমনই কড়া নির্দেশ দিল কেন্দ্র। ২৪ মার্চ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া ওই নির্দেশিকায় জানানো হয়েছে, যে সকল এলাকায় পিএনজি সংযোগ রয়েছে, সেখানকার গ্রাহকদের জানানো হবে। নোটিশ পাওয়ার তিনমাসের মধ্যেই ওই এলাকার গ্রাহকদের পিএনজি সংযোগ নিতে হবে। কিন্তু যারা নেবেন না, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এমনকি বাড়িতে এলপিজি সরবরাহ পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

দেশের মোট চাহিদার ৬০ শতাংশ এলপিজি সরকারকে বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু পিএনজিতে সেই সমস্যা নেই। রান্নার জন্য ব্যবহৃত নলবাহিত গ্যাস দেশেই উৎপাদন করা হয়।  আর এ কারণেই এলপিজি-র পরিবর্তে পিএনজি ব্যবহারের ওপরেই গুরুত্ব দিতে চাইছে সরকার।

তবে পিএনজি-র জোগান দেশের সর্বত্র চালু করা এখনই সম্ভব নয়। অনেক বাধা রয়েছে। কোথাও কোথাও রয়েছে প্রযুক্তিগত সমস্যা। তবে যে সমস্ত গৃহস্থালিতে পিএনজি ব্যবহারের সুযোগ ইতিমধ্যেই রয়েছে, সেখানে এলপিজি-র পরিবর্তে তা ব্যবহার করতে হবে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও যারা পিএনজি সংযোগ নেবেন না,  কেন্দ্রের কড়া নির্দেশ, তাদের বাড়িতে এলপিজি সরবরাহ তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *