রাজনীতিতে নামতেই বড় ত্যাগ! অবসরকালীন সুবিধা ছাড়লেন সোনার মেয়ে স্বপ্না

আমুদরিয়া নিউজ : ‘অবসরকালীন কোনও সুযোগ সুবিধা নেবেন না’ মঙ্গলবার রেল কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিলেন সোনার মেয়ে স্বপ্না বর্মন।

সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে বহাল থাকাকালীন কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়া বা প্রচারে অংশ নেওয়া আইনত দণ্ডনীয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে কর্মরত স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ছুটিতে থাকার সময়েই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে। ফলে গত ১৬ মার্চ স্বপ্না তাঁর পদত্যাগপত্র জমা দিলেও রেল কর্তৃপক্ষ সেই পদত্যাগপত্র জমা না নিয়ে উল্টে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। এই অচলাবস্থা কাটাতেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন স্বপ্না।

মঙ্গলবার আদালতে রেলের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার আদালতে জানান, স্বপ্না বর্মন যদি তাঁর ভুল স্বীকার করেন পাশাপাশি অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা নেবেন না বলে মুচলেকা দেন, তবে তাঁর ইস্তফা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে। আদালত থেকে বেরিয়েই আর সময় নষ্ট না করে অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা না নেওয়ার কথা জানিয়ে রেল দপ্তরে ইমেল করেন।

রাজগঞ্জ কেন্দ্রে তাঁর প্রার্থীপদ নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। এখন রেল কর্তৃপক্ষ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কী সিদ্ধান্ত নেয় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *