আমুদরিয়া নিউজ : কী এমন কেলেঙ্কারির অভিযোগ সামনে আসতে চলেছে যাতে পশ্চিমবঙ্গে লাগাতার ৩ দিন বনধ হতে পারে! এমনকী, আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হতে পারে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হতে পারে বলে মন্তব্য করেছেন বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আসনের সাংসদ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, শীঘ্রই একটি বড় কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটবে, তাই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে একটি বড় কেলেঙ্কারির তথ্য প্রকাশিত হবে। রাজ্যজুড়ে সর্বাত্মক প্রতিবাদ শুরু হবে, যার ফলে ৭২ ঘন্টা পর্যন্ত ম্যারাথন ধর্মঘট হতে পারে। জনগণ যথাযথভাবে প্রতিবাদ করবে এবং রাষ্ট্রপতি শাসনের দাবি জানাবে বলে তিনি মনে করেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন যে, যদি গঙ্গোপাধ্যায়ের কাছে পশ্চিমবঙ্গে কোনও কেলেঙ্কারির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকে, তা হলে তার উচিত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর কাছে সেই তথ্য নিয়ে যাওয়া। এর পরে কুণালবাবুর কটাক্ষ, “এবং যদি তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে এতটাই আগ্রহী হন, তা হলে সেই প্রস্তাব নিয়ে রাষ্ট্রসঙ্ঘের কাছে যাওয়া উচিত। কুণালবাবুর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এখনও তৃণমূল কংগ্রেসের সাথেই আছে।