দিল্লিতে প্রয়াত ইন্ডিয়ান আইডল থ্রির জয়ী প্রশান্ত তামাং

আমুদরিয়া নিউজ : ইন্ডিয়ান আইডল থ্রিতে জয়ী হয়ে সাড়া ফেলে দেওয়া প্রশান্ত তামাং প্রয়াত হয়েছেন। রবিবার সকালে তিনি জ্ঞান হারালে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে তাঁর এক বন্ধু সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন, সম্ভবত হৃদরোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম প্রশান্তের। দার্জিলিঙেই থাকতেন তিনি। কলকাতা পুলিশে একসময়ে কাজও করতেন। তার পরে ‘ইন্ডিয়ান আইডল ৩’-তে সুযোগ পান ও জয়ী হন। তাঁর স্ত্রী ও পরিবার দার্জিলিঙেই বসবাস করেন।
এই ঘটনায় দার্জিলিঙে শোকের ছায়া নেমেছে। প্রশান্ত তামাংয়ের ইন্ডিয়ান আইডল থ্রিতে জয়ের জন্য আসরে নেমে ক্রমশ পাহাড়ের একচ্ছত্র নেতা হয়ে ওঠেন একদা সুবাস ঘিসিংয়ের ঘনিষ্ঠ বিমল গুরুং। প্রশান্ত তামাংকে জেতাতে তিনি পাহাড়ের নানা এলাকায় ক্যাম্প করেন। ফাইনালের আগে থেকে পাহাড়ে তৈরি হয় একাধিক শিবির। প্রশান্তের জয়ের পরে আলাদা দল গড়ে বিমল গুরুং সুবাস ঘিসিংকে আর পাহাড়ে ঢুকতে দেননি। সে অন্য কাহিনী। এখন পাহাড় প্রশান্ত তামাংয়ের প্রয়াণে শোকাহত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *