আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্থানীয় সময় শনিবার ভোরে একাধিক বিস্ফোরণ ও বিকট শব্দ শোনা যাওয়ার পর দেশজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার মধ্যেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোররাতের দিকে আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমানের উড়ানের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ধোঁয়ায় ঢাকা শহরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলার সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। যদিও মাদুরোকে আটক করার মার্কিন দাবির বিষয়ে এখনো সরকারিভাবে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।