আমুদরিয়া নিউজ : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানিতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, শুনানি চলাকালীন স্থানীয় কিছু মানুষ পর্যবেক্ষকের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালায় এবং দরজা খোলার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ হস্তক্ষেপ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, SIR প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সাধারণ মানুষের পক্ষে সমস্যাজনক। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য এই নিয়ম দুর্ভোগের কারণ হচ্ছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর সি মুরুগান জানান, পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।