মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলা: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

আমুদরিয়া নিউজ: ২০০৬ সালের ভয়াবহ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর মুক্তি দিয়েছিল বম্বে হাই কোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। উচ্চ আদালতের সেই রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটিশ্বর সিংহের বেঞ্চ বলেছে, আপাতত ১২ জন জেলের বাইরেই থাকবেন। তাঁদের জেলে ফিরতে হবে না। তবে হাই কোর্টের রায়কে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা যাবে না। মামলায় অভিযুক্ত ১২ জনকে নোটিসও ধরাতে বলেছে সুপ্রিম কোর্ট। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে লাগাতার বিস্ফোরণ হয়। প্রায় ১১ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ যাত্রী। সেই ঘটনায় ২০১৫ সালে নিম্ন আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ৫ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত সোমবার বম্বে হাইকোর্ট সকল অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মহারাষ্ট্র সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *