শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

আমুদরিয়া নিউজ: প্রকাশিত হল এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  সুপ্রিম কোর্ট ৩১ মে-র মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছিল। সেই নির্দেশ মেনেই শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি। তাতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি অনুযায়ী ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন ১৪ জুলাই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা। আর তফসিলি জাতি (এসসি), উপজাতি (এসটি), প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে ১৪ জুলাই রাত ১২টার আগে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *