৩১ বার এভারেস্ট জয়! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের পর্বতারোহী

আমুদরিয়া নিউজ: তিন দশক আগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন তিনি।  তার পর আর থামেননি। প্রতি বছরই এভারেস্ট চড়তে বেড়িয়ে পড়তেন ৫৫ বছর বয়সি নেপালি পর্বতারোহী শেরপা কামি রিটা। মঙ্গলবার তিনি ৩১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে সর্বাধিক আরোহণের নিজের রেকর্ড ভেঙে দিলেন তিনি। মঙ্গলবার ভোর ৪ টেয় ভারতীয় সেনাবাহিনীর একটি দলের পথপ্রদর্শক শেরপা কামি রিটা ৮৮৪৯ মিটার (২৯০৩২ ফুট) উঁচু এভারেস্ট শীর্ষ স্পর্শ করেছেন। এভারেস্টজয়ীদের ইতিহাসে এ এক অনন্য নজির।

কামির সাফল্যের কথা জানিয়েছে তাঁর অভিযাত্রী সংগঠক ‘সেভেন সামিট ট্রেকস’। ‘এভারেস্ট ম্যান’ হিসেবে পরিচিত কামি ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় প্রথম বার এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। তারপর থেকে প্রতি বছরই যেন শৃঙ্গজয়ের এক নিরবচ্ছিন্ন অধ্যায় রচনা করে চলেছেন তিনি। তার এই দীর্ঘ পর্বতারোহণ-জীবনে শুধু এভারেস্টই নয়, পৃথিবীর অন্যান্য উচ্চতম পর্বত যেমন চো ইয়ু, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদিতেও সফল অভিযান পরিচালনা করেছেন। তবে কামি এই সব নিয়ে উদাসীন। গত বছর তিনি যখন ৩০তম বার এভারেস্ট ছুঁয়ে ফেরেন তখন তাকে রেকর্ডের কথা জিজ্ঞেস করা হয়। তিনি বলেছিলেন আমি কোনও রেকর্ড গড়ার জন্য এভারেস্ট চড়ি না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *