আমুদরিয়া নিউজ: মণিপুরে নতুন করে হিংসা ছড়ানোর আবহে এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল নাগা সংগঠন জয়েন্ট ট্রাইবস কাউন্সিল মণিপুর। নির্ধারিত সময়ের মধ্যে মাথাটি উদ্ধার না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
জানা গেছে, কাংপোকপি জেলার মাকুই আশাং গ্রামে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫২ বছর বয়সি অজিনবৌ আর নিহত হন বলে অভিযোগ। তাঁর মাথাবিহীন দেহ ময়নাতদন্তের জন্য ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সংগঠনটির দাবি, বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সম্মানজনক শেষকৃত্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এদিকে, কামজং, উখরুল ও কাংপোকপি—এই তিন জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। একের পর এক হিংসাত্মক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং।
কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘাতের আবহে এখন নজর প্রশাসনের পদক্ষেপ এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের দিকে।