আমুদরিয়া নিউজ: এক ভারতীয় ট্রেড সার্ভিস আধিকারিককে ‘ডেডউড’ আখ্যা দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিল সুপ্রিম কোর্ট। আদালত ওই আধিকারিক এস.এস.দাসের সমস্ত আর্থিক সুবিধা ও প্রাপ্য পদোন্নতির সুবিধা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
২০১৮ সালে অবসর নেওয়ার নির্ধারিত সময়ের প্রায় পাঁচ বছর আগেই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। অথচ তাঁর কর্মজীবনের নথিতে কর্মদক্ষতাকে ‘আউটস্ট্যান্ডিং’ বা অত্যন্ত ভালো বলে উল্লেখ করা হয়েছিল বলে আদালতে উঠে আসে। এই পরিস্থিতিতে তাঁকে ‘ডেডউড’ হিসেবে চিহ্নিত করে অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ মনে করেছে, একজন আধিকারিককে একদিকে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া এবং তার কিছুদিন পরেই তাঁকে ‘ডেডউড’ হিসেবে চিহ্নিত করে অবসরে পাঠানোর মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। আদালতের মতে, সরকারি কর্মীকে বাধ্যতামূলক অবসর দেওয়ার ক্ষমতা যথেচ্ছভাবে প্রয়োগ করা যায় না; তার ভিত্তি হতে হবে বিশ্বাসযোগ্য ও শক্তিশালী তথ্য।