আমুদরিয়া নিউজ: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ‘র’-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে দেওয়ানি সমন জারি করেছে আমেরিকার একটি আদালত। শিখস ফর জাস্টিসের সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে।
তবে ভারত সরকার এই মামলাকে ‘বানানো ও বিদ্বেষপূর্ণ’ বলে দাবি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই মামলার কোনও ভিত্তি নেই। তাঁর বক্তব্য, ভারতে কোনও আইনি সমন পাঠাতে হলে নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমেই তা পাঠাতে হয়।
ভারত সরকারের দাবি, এর আগেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চিনের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াং জেমিনের বিরুদ্ধে একই ধরনের সমন জারি হয়েছিল। পরে সেই মামলাগুলি খারিজ হয়ে যায়।
এদিকে, এই মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের সাজা ঘোষণার আগেই আদালতের এই পদক্ষেপ ঘিরে নতুন করে কূটনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে মার্কিন বিদেশ দপ্তর স্পষ্ট করেছে, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। এর সঙ্গে মার্কিন সরকারের নিজস্ব কোনও অবস্থানের সম্পর্ক নেই।