আমুদরিয়া নিউজ: হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘গ্ল্যাডিয়েটর ২’-এর শুটিং সেটে ঘটা এক ভয়াবহ বিস্ফোরণের জেরে এবার আইনি মামলার মুখে পড়েছে এর নির্মাণকারী প্রতিষ্ঠান ‘অগাস্ট স্ট্রিট ফিল্মস’। ২০২৩ সালে মরক্কোয় একটি জ্বলন্ত জাহাজের দৃশ্য ধারণের সময় হঠাৎ করে গ্যাস পাইপলাইন ফেটে ২০ ফুট উঁচু আগুনের শিখা তৈরি হয়। এতে এডওয়ার্ড সার্সফিল্ড নামে এক ব্রিটিশ স্টান্টম্যানের গায়ের পোশাকে আগুন ধরে যায় এবং তার শরীরের প্রায় ১৫ শতাংশ মারাত্মকভাবে পুড়ে যায়।
সার্সফিল্ডের অভিযোগ, এই ঘটনার ফলে তার মুখমণ্ডল ও হাত স্থায়ীভাবে বিকৃত ও ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং তিনি তীব্র মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। তিনি ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ পাউন্ড দাবি করে লন্ডনের হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন। প্রযোজনা সংস্থাটি দুর্ঘটনার দায় স্বীকার করলেও দাবিকৃত বিশাল অঙ্কের ক্ষতিপূরণ ও জখমের গভীরতা নিয়ে আপত্তি জানিয়েছে।