আমুদরিয়া নিউজ: চীনে বিয়ের হার আশঙ্কাজনক ভাবে কমেছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাত্র ৪৬ লক্ষ ৫০ হাজার যুগল। গত ১৮ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। শুক্রবার প্রকাশিত চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রকের পরিসংখ্যান উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইকাই। একই সময়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ২০ লক্ষ ৮০ হাজার যুগল।
চীনে সন্তান জন্মদানের সঙ্গে বিয়ের সম্পর্ক গভীর হওয়ায় এই প্রবণতা নতুন করে জনসংখ্যা সংকটের আশঙ্কা বাড়িয়েছে। বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহ দিতে পরিবারকে আর্থিক ভর্তুকি, শিশু লালন-পালনে সহায়তা এবং চিকিৎসার খরচ কমানোর মতো একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। তবুও কমছে না উদ্বেগ। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে এবং জন্মহার নেমেছে রেকর্ড সর্বনিম্নে।