আমুদরিয়া নিউজ: প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র ছাড়াই ক্লাস ও অন্যান্য কার্যক্রম চালুর অভিযোগে সোনম ওয়াংচুক পরিচালিত লাদাখের ডেসার্ট ফ্লাওয়ার স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। লেহ-র ফিয়াংয়ে অবস্থিত স্কুলটির পরিচালনাকারী প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস, লাদাখের (হিয়াল) জমি বরাদ্দ বাতিল নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা চলছে।
প্রশাসনের নির্দেশ, আদালতের পরবর্তী নির্দেশ বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলের কোনও কার্যক্রম চালানো যাবে না। ২০১৮ সালে হিয়ালকে ৪০ বছরের জন্য জমি বরাদ্দ দেওয়া হলেও ২০২৫ সালে তা বাতিল করে লাদাখ প্রশাসন। ইজারার শর্ত পূরণ না করার অভিযোগ তুলেছে প্রশাসন। তবে জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিয়াল কর্তৃপক্ষ। অন্যদিকে, ওয়াংচুকের অভিযোগ, পরিবেশ ও স্থানীয় সংস্কৃতি রক্ষার আন্দোলনে যুক্ত থাকার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে।